আশুলিয়ায় চুরিকে কেন্দ্র করে মায়ের সঙ্গে ঝগড়া, কিশোরীর আত্মহত্যা
শামীম বেপারী সাভার আশুলিয়া :ঢাকার আশুলিয়ায় বাসায় চুরির ঘটনাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে ঝগড়ার জেরে সূবর্না ইয়াসমিন (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বগাবাড়ী আমবাগান এলাকার হাজী নজরুল ইসলামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কোনো এক সময় সূবর্না বাসার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।
নিহত সূবর্না ইয়াসমিন নওগাঁ জেলার রাণীনগর থানার খাগড়া গ্রামের মো. হাফিজুল ইসলামের মেয়ে। তবে তিনি আশুলিয়ায় তার মা মোছা. বিউটির সঙ্গে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মেয়ের মা বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় ছিটকিনি ভেঙে ভেতরে ঢুকে দেখেন, মেয়ের ঝুলন্ত মরদেহ। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের মা জানান, বিকেল ৫টার দিকে কারখানা থেকে বাসায় ফিরে তিনি দেখতে পান বাসায় চুরি হয়েছে। চোর একটি মোবাইল ফোন ও ৫ হাজার টাকা নিয়ে গেছে। এ নিয়ে মা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তিনি বাসা থেকে বের হয়ে যান। কিছু সময় পর ফিরে এসে দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

