আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।
শামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান।
সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার তীব্রতায় একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু করে।
দুর্ঘটনার পরপরই বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ কে পি জে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তার নাম মো. হামিম (পিতা: নজরুল)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার কেদারনগর গ্রাম, বেলগাছি ইউনিয়নের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ভোগান্তি সৃষ্টি হয় ।
পুলিশ জানিয়েছে, পলাতক চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

