এস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিশাল জনসভায় ভাষণ দেবেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে সড়কপথে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় বগুড়া সার্কিট হাউসে উপস্থিত হওয়ার পর বেলা ১১টায় তিনি বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম এবং জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করবেন। এরপর ঠিক বেলা ১১টা ৩০ মিনিটে বগুড়া পৌরভবনে উপস্থিত হয়ে বহুল প্রতীক্ষিত ‘নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন’ -এর শুভ উদ্বোধন করবেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী এলাকায় যাবেন। সেখানে দুপুর ১২টা ৪৫ মিনিটে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন এবং বেলা ১টায় শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন।
সফরের সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হবে দুপুর ২টায়, যখন প্রধানমন্ত্রী তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়িতে উপস্থিত হবেন।
পৈতৃক ভিটা পরিদর্শন ও মোনাজাত শেষে বিকাল ৪টা ৩০ মিনিটে তিনি বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। জনসভা শেষে বিকাল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং ৫টা ৫০ মিনিটে বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন।
সফর শেষে সন্ধ্যা ৬টায় তিনি বগুড়া শহর ত্যাগ করবেন। ফেরার পথে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) পরিদর্শন ও সেখানে যাত্রা বিরতি করবেন। এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি আরডিএ থেকে চূড়ান্তভাবে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে শনিবার (১৮ই এপ্রিল) বিকেলে গাবতলীর নশিপুরে শহীদ জিয়ার পৈতৃক নিবাস ও প্রস্তুতির কাজ সশরীরে পরিদর্শন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এ- সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেনসহ জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০শে এপ্রিলের এই সফরকে ঘিরে নশিপুর ইউনিয়নসহ পুরো বগুড়া জেলায় এখন সাজ সাজ রব বিরাজ করছে এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

