আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন করেছে।
রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন। মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাসী কার্যক্রমের সমালোচনা করেন, পাশাপাশি অনতিবিলম্বে এসব কার্যক্রম বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে সুষ্ঠু ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান, যেখানে সকল রাজনৈতিক দল ও মতের সহাবস্থান বজায় থাকবে।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য হাসিবুল হোসেন। সভাপতিত্ব করেন আবু সালেহ মুহাম্মদ হাসিবুল্লাহ।
প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য হাসিবুল হোসেন বলেন, “বর্তমানে দেশের বিভিন্ন ক্যাম্পাসে যে সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম চলছে, তা সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। আমি আমার ক্যাম্পাসসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন একটি পরিবেশ থাকা উচিত, যেখানে শিক্ষার্থীরা নিশ্চিন্তে পড়াশোনা করতে পারে, কিন্তু বাস্তবে আমরা তা দেখতে পাচ্ছি না।
অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি বা ক্ষমতার প্রদর্শন কখনোই একটি সুষ্ঠু শিক্ষার পরিবেশ তৈরি করতে পারে না।”
হাসিবুল হোসেন আরও বলেন, “আমি আমার ক্যাম্পাসের সকল ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি—সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করবেন না। আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলি।”
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ববি শাখার সভাপতি আবু সালেহ মুহাম্মদ হাসিবুল্লাহ বলেন, “পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলো শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ফলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, যা সারাদেশে ছড়িয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েক জায়গায় সংঘর্ষ হয়েছে—আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমরা সবাই শিক্ষার্থী; আমাদের সবার উচিত শিক্ষার্থীরূপ আচরণ করা। আমরা দেশের ভবিষ্যৎ। এখান থেকে আমরা ছাত্রদল ও ছাত্রশিবির উভয়কেই সহনশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।”
প্রশিক্ষণ সম্পাদক কাউসার আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মুহাম্মাদ মাসুম বিল্লাহ ও মুহাম্মাদ নুরুল আমিন।

