” মহান স্বাধীনতা দিবস-শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ”
মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা প্রতিনিধি:মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত এখন পুরো সৌধ প্রাঙ্গণ।
২৬ মার্চকে সামনে রেখে সৌধ মিনারসহ পুরো চত্বরের হাঁটার পথ, বেদি, স্থাপনা সেজেছে রঙ-তুলির আঁচড়ে। বাগানগুলোতে শোভা পাচ্ছে রঙ-বেরংয়ের বাহারি ফুল।
স্মৃতিসৌধ সহ সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। এদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ আসবে শহীদ দের প্রতি শ্রদ্ধা জানাতে।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আনোয়ার খান আনু বলেন, জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গন পরিষ্কার করা হয়েছে। রং-তুলির কাজ, ফুলগাছ স্থাপন এবং সৌধ সংলগ্ন লেক সংস্কারের কাজ করা হয়েছে। বিভিন্নস্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এদিন প্রথমে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে স্মৃতিসৌধ। দিবসটি উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আরাফাতুল ইসলাম বলেন, আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হবে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন এ উপলক্ষে ঢাকা জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।দেশের সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে জাতীয় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করে নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, সে জন্য বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন থাকবে।

