মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি পুরাতন বাজারে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মৃত গরুর মাংসের সঙ্গে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বিক্রির সময় এক অসাধু ব্যবসায়ী সাংবাদিকদের হাতে ধরা পড়েন।
ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে শাস্তির আওতায় আনা হয়।
অভিযুক্ত ব্যক্তি মোঃ নুর ইসলাম (পিতা: মৃত রিয়াজ সরকার), তিনি পাবনা জেলার বেড়া থানার আমাইখোলা গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকা হোসেন এ দণ্ডাদেশ দেন। এ সময় থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি এড়াতে উদ্ধার করা পচা ও ক্ষতিকর মাংস তাৎক্ষণিকভাবে মাটিতে পুঁতে ফেলা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

