হাতিয়ায় কোস্টগার্ড ও যৌথ অভিযানে অস্ত্রসহ আটক এক।
সাব্বির ইবনে ছিদ্দিক হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার মধ্য মাচুয়ারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন ধরে অপরাধ জগতের সঙ্গে জড়িত মহিবুল্লাহ ওরফে মফুইল্ল্যা চোরা এলাকায় অস্ত্র মজুদ করে নতুন করে সন্ত্রাসী কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত টানা অভিযানে তাকে আটক করা হয়।
আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় অস্ত্র। উদ্ধারকৃত এসব অস্ত্র স্থানীয় এলাকায় ভীতি ছড়ানোসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
স্থানীয়দের দাবি, মহিবুল্লাহ দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের নাম হয়ে উঠেছিল। তার গ্রেপ্তারে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে। অনেকেই মনে করছেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে সন্ত্রাস ও অপরাধ অনেকাংশে কমে আসবে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দ্বীপাঞ্চলের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর এমন দৃঢ় অবস্থান এলাকাবাসীর মনে নতুন করে আশার সঞ্চার করেছে।

