নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলার চক কালিদাস গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপস-মীমাংসার জন্য চাপের অভিযোগ উঠেছে নওগাঁ সদর থানার এসআই রবিউলের বিরুদ্ধে। মামলার সুষ্ঠু তদন্ত নিয়ে বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মো. সবুজ কাজীর বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ। এতে সবুজ কাজী, তার বৃদ্ধ বাবা রেজাউল কাজী, মা লাইলী বেগম এবং স্ত্রী কাজলী বেগম গুরুতর আহত হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা বাড়ি ভাঙচুরসহ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় মামলা হলেও তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাদি। পরিবারের অভিযোগ, এসআই রবিউল বাদিকে থানায় ডেকে নিয়ে মামলা দুর্বল হয়ে যাওয়ার ভয় দেখান এবং ‘আপনারা গরিব, মামলা চালাতে পারবেন না’—এমন মন্তব্য করে আপস করার চাপ সৃষ্টি করেন। এমনকি মামলা ‘নরমাল’ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। অভিযুক্ত এসআই রবিউল সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বাদীকে আপসের জন্য চাপ দেইনি
সব মিথ্যে।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। অন্যদিকে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদী লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

