ইবি প্রতিনিধি:মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে পদযাত্রা ও শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। এর আগে সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ স্মৃতিসৌধে গিয়ে সমবেত হয়।
পরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকনউদ্দিন এবং সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুরউদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সঙ্গে তাঁর ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

