মির্জাপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানের জেল হাজতে মৃত্যু
সীমান্ত দাস, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগ নেতা সুলতান মিয়ার জেল হাজতে মৃত্যু হয়েছে। বুধবার টাঙ্গাইল জেলা কারাগারে সুলতান মিয়ার মৃত্যু হয়। বুকে ব্যথা অনুভব করলে রাতে তাকে হাসপাতালে নেয়া হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে তার মৃত্যু হয় বলে জেলার মুহাম্মদ জাহেদুল আলম জানিয়েছেন।
গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মিয়া গোড়াই হরিরপাড়া গ্রামের আজমত আলীর ছেলে।
গত বছর ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দু চোখ অন্ধ হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর আওয়ামী লীগ নেতা সুলতান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গত প্রায় এক মাস ধরে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে আটক ছিলেন। সেখানে বুধবার রাতে তার মৃত্যু হয়।

