নওগাঁ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে নওগাঁ জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এক মিডিয়া ব্রিফিংয়ে বাহিনীর প্রস্তুতির কথা জানান অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, ভোটারদের নিরাপত্তা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে মাঠে থাকবে ৭৫০ জন বিজিবি সদস্য।
নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই সীমান্ত এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর বিজিবি। নওগাঁর ১১টি উপজেলায় মোট ২৯টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। বিজিবি অধিনায়ক জানান, সীমান্তবর্তী উপজেলাগুলোতে বিজিবি এককভাবে এবং বাকি উপজেলাগুলোতে সেনাবাহিনীর সাথে সমন্বয় করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
পত্নীতলা ব্যাটেলিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবদুল্লাহ আল মামুন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিজিবি একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে কাজ করছে। ভোটারদের ভোটাধিকার প্রয়োগের জন্য একটি শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।” তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা কঠোর করা হয়েছে। অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী ৩টি উপজেলায় বিজিবি এককভাবে এবং বাকি উপজেলাগুলোতে সেনাবাহিনীর সাথে সমন্বয় করে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। এছাড়া জেলাজুড়ে মোট ১১টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি বিওপিতে ‘স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স’ প্রস্তুত রাখা হয়েছে।শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি স্থানীয় জনসাধারণের সহযোগিতা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে।

