নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভা এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে সিপিসি-৩ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, আটককৃত হারুন অর রশিদ (৪০) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী অঞ্চল থেকে অবৈধ মাদক সংগ্রহ করে নওগাঁসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। সম্প্রতি তার বিরুদ্ধে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল তার গতিবিধি নজরদারিতে রাখে।
পরে বুধবার বিকেলে নজিপুর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশীকালে হারুনের কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রিতে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন মাদক বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করার কথা স্বীকার করে। তার বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার করলডাঙ্গা গ্রামে আটককৃত হারুনকে আইনগত ব্যবস্থা নিতে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

