মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী : নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সাগরদী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে ইমন বেকারিকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল ১১টায় সম্মানিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সজীব মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়—বেকারিটির ভেতরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে। মেঝে অপরিষ্কার, সরঞ্জামগুলো নোংরা এবং কর্মীরা কোনো স্বাস্থ্যবিধি মানছেন না। এসব খাবার শুধু স্কুলের শিশুদেরই নয়—এলাকার ছোট-বড় সকলের কাছেই বিক্রি করা হতো। ফলে খাবারে জীবাণু ও ব্যাকটেরিয়া মিশে যাওয়ার কারণে অনেকেই পেটের ব্যথা, ডায়রিয়া, বমিসহ নানা সমস্যায় ভুগছেন বলে জানা যায়।
স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব কর্মকাণ্ডের কারণে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯”-এর বিভিন্ন ধারায় বেকারির মালিকের বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহনেওয়াজ। সহযোগিতায় ছিলেন মোঃ সুফি পারভেজ এবং মনোহরদী থানার পুলিশ ফোর্স।

