শাহারুল ইসলাম ,ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ধীরেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারক চক্রের অপতৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা উল্লেখ করেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সুকৌশলে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব প্রতারণার শিকার হচ্ছেন শিক্ষক-শিক্ষিকা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ। অনেক ক্ষেত্রে প্রতারক চক্রের কবলে পড়ে সাধারণ মানুষ আর্থিকভাবে সর্বস্বান্ত হচ্ছেন। এমনকি গণমাধ্যম কর্মীরাও এই অপপ্রচারের হাত থেকে রেহাই পাচ্ছেন না। এমতাবস্থায়, এ ধরনের অপরাধ দমনে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার, সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোমিনুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন এবং উপজেলা আইসিটি অফিসার নাজিমুল ইসলাম। এছাড়াও অন্যদের মধ্যে ১ নং ইউপির সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান, শিক্ষক প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।