জামাইকে মোটরসাইকেল দিতে রাজি না হওয়ায় মাকে হত্যা করল মেয়ে
জামাইকে মোটরসাইকেল কিনে দিতে রাজি না হওয়ায় নাটোরের গুরুদাসপুরে এক মাকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় মেয়ে ববি আক্তারকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন নাটোর জেলার পুলিশ সুপার লিটন কুমার সাহা।
তিনি জানান, জামাতাকে মোটরসাইকেল কিনে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে মেয়ে ববি খাতুন ব্লেড দিয়ে তার মা সেলিনা খাতুনকে গলা কেটে হত্যা করে। সোমবার সন্ধ্যায় সকলের অগোচরে মাকে হত্যার পর মায়ের ৯ ভরি স্বর্ণালংকার ও ১৭ হাজার টাকা লুটে নেয় মেয়ে ববি। এরপর দুর্বৃত্তরা তার মাকে হত্যা করে মালামাল লুটে নিয়ে গেছে বলে চিৎকার করতে থাকে।
পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর রাতব্যাপী নাটোর জেলা পুলিশ ও রাজশাহীর সিআইডি ক্রাইসিন ম্যানেজমেন্ট টিম তদন্ত, আলামত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদে নির্মম এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে। পরে ববি খাতুন মাকে হত্যার কথা স্বীকার করলে তাকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় নিহত সেলিনা খাতুনের ভাই সুলতান আহমেদ মঙ্গলবার (২৩ মার্চ) সকালে বাদী হয়ে ববির বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা করেছেন। বিকেলে গ্রেফতারকৃত ববিকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

