চরভদ্রাসনে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৫ মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা
মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিএসটিআই, জেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের পরিচালনায় মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি মামলায় মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোড়কবিহীন খাদ্যপণ্য বিক্রি, ওজনে কারচুপি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে আদর্শ স্কুল রোডের মারকাযুন নূর ইসলামিক স্টোরে মোড়কবিহীন দই, মাঠা, ঘি, আইসক্রিম ও মধু বিক্রির দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মোড়কবিহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
চরভদ্রাসন বাজারের তরুণ মিষ্টান্ন ভাণ্ডারে মোড়কবিহীন দই ও মিষ্টি বিক্রির দায়ে ২ হাজার টাকা এবং ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডারে ওজনে কারচুপির অভিযোগে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া আদর্শ স্কুল রোডের ইনভাইট ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সবচেয়ে বেশি ১ লাখ টাকা জরিমানা করা হয় আধুনিক ফার্মা নামের একটি প্রতিষ্ঠানে। সেখানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ পাওয়ায় ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ অনুযায়ী জরিমানা করা হয় এবং জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়।
অভিযানের সময় চরভদ্রাসন আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবের পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকায় প্রতিষ্ঠানটির প্রশংসা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং খন্দকার গৌরব মুস্তাফা। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন
বিএসটিআই ফরিদপুর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও মোবাইল কোর্টের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

