ফরিদপুরে জন্মাষ্টমী উপলক্ষে দিনভর ধর্মীয় আয়োজন ও শোভাযাত্রা
মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি: ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে শুক্রবার দিনব্যাপী নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শহরের বিভিন্ন সংগঠনের উদ্যোগে ধর্মীয় আলোচনা সভা, গীতাপাঠ, কীর্তন, পূজা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
জন্মাষ্টমীকে ঘিরে শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে গীতাপাঠ, ধর্মীয় আলোচনা সভা ও দুর্গা প্রতিমার কাঠাম পূজার আয়োজন করা হয়েছে।
এদিকে শ্রীধাম শ্রী অঙ্গনে সকাল সাড়ে ৭টায় শৃঙ্গার আরতির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। দুপুর ১২টায় বিশেষ ভোগরাগ এবং বিকেলে পদাবলী কীর্তন অনুষ্ঠিত হবে।
সকাল ৮টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে শ্রী অঙ্গন থেকে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা বের হবে। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের আহ্বায়ক নিতাই রায়।
সকাল ১০টার দিকে ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে শ্রী অঙ্গন থেকে আরেকটি শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের আহ্বায়ক অজয় কর।
সবশেষে বিকেল ৪টায় ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীধাম শ্রী অঙ্গন থেকে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শ্রী অঙ্গনে গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সভাপতিত্ব করবেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা।জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

