কবির হোসেন রাকিব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্টা এলাকায় একটি ইটভাটায় বিশ্রাম নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে ওই এলাকার ‘এনবিসি ব্রিকস’ নামক ইটভাটার একটি টিনশেড ঘরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভতী গ্রামের আব্দুল মান্নানের বাড়ির মো. সেলিমের ছেলে মো. রুবেল হোসেন (৩০) এবং একই এলাকার বাসিন্দা আলা উদ্দিন (৩৩)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী শ্রমিক সূত্রে জানা যায়, রুবেল ও আলা উদ্দিন এনবিসি ব্রিকসে ইট লোড-আনলোডের কাজ করতেন। দুপুরে কাজ শেষে ভাটাসংলগ্ন একটি টিনশেড ঘরে তারা বিশ্রাম নিতে যান। এসময় ঘরের চালের সাথে লেগে থাকা বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে টিনের চাল বিদ্যুতায়িত হয়ে যায়। এতে তারা দুজনেই গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহত রুবেলের মা রাশেদা বেগম জানান, রুবেল বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকতেন। তার স্ত্রী ও তিনটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের উপার্জনের জন্য তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তবে নিহত অপর শ্রমিক আলা উদ্দিনের পরিবারের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর নিহতদের মরদেহ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কমলনগর থানার এসআই হিমেল চাকমা জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল তৈরি করেছে। তিনি বলেন, “নিহতদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। একজনের পরিবার পাওয়া গেলেও অন্যজনের স্বজনদের খোঁজ নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।”

