মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-২ আসনে বিএনপির প্রার্থীর পরাজয়ের খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রিয়াজ উদ্দিন (৫০) নামে এক একনিষ্ঠ বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। মৃত রিয়াজ উদ্দিন পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাদলপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত নির্বাচনে নওগাঁ-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দিন-রাত ক্লান্তিহীনভাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করেছেন রিয়াজ উদ্দিন। তিনি দলের বিজয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী ছিলেন। তবে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর ধানের শীষের পরাজয়ের খবর তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না।
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরাজয়ের খবর শোনার পর থেকেই রিয়াজ উদ্দিন মানসিকভাবে ভেঙে পড়েন এবং সকালে হঠাৎ তীব্র হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন এই দলভক্ত কর্মী।
একজন নিবেদিতপ্রাণ কর্মীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

