মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ছালেক চৌধুরীর নির্বাচনী পোস্টারে দিন ভুলের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের ভোটের দিনটি ক্যালেন্ডার অনুযায়ী ‘বৃহস্পতিবার’ হলেও প্রার্থীর পোস্টারে তা ‘রবিবার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। মোটরসাইকেল মার্কার এই প্রার্থীর নির্বাচনী পোস্টারে বড় করে লেখা হয়েছে, “আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং রোজ: রবিবার”। অথচ সরকারি ঘোষণা অনুযায়ী ভোটগ্রহণের দিনটি মূলত বৃহস্পতিবার।
একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং তিনবারের সাবেক সংসদ সদস্যের প্রচারণাপত্রে এমন দায়িত্বজ্ঞানহীন তথ্যে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট নিয়ে যেকোনো ধরনের ভুল তথ্য বা বিভ্রান্তিকর প্রচারণা দণ্ডনীয় অপরাধ।
এই ভুলের কারণে প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সুযোগ রয়েছে নির্বাচন কমিশনের। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এমন ভুল তথ্য ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এখন দেখার বিষয়, রিটার্নিং কর্মকর্তা এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করেন।

