নওগাঁ প্রতিনিধি:নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৩-এস থেকে আনুমানিক সাড়ে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন ভেড়ম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯১ হাজার টাকা।
বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাদকদ্রব্য ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। আটককৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,
“নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে। ইনশাআল্লাহ, সীমান্তে অপরাধ দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থাকবে।আলহামদুলিল্লাহ, আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

