হাসান মাহমুদ সেলিম ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তদের দ্বারা রেললাইন তুলে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (ভোর) সকাল ৫টা ১০ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগমুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, অজ্ঞাত দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট রেললাইন খুলে নেওয়ায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ বলেন, “আমি এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পক্ষ থেকে জানানো হয়েছে—২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি।”
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে আমাদের সদস্যরা উপস্থিত রয়েছে। রেললাইন সরিয়ে ফেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। মনোনয়ন ঘোষণার পর মনোনয়নবঞ্চিত নেতাকর্মীরা আন্দোলনে নামেন। ওই দিন দুপুর ৩টা থেকে গফরগাঁও উপজেলা ও পৌর শহরের অন্তত ৩০টি স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীরা গফরগাঁও রেলওয়ে স্টেশনের কম্পিউটার সিস্টেম, সিগনাল লাইট এবং সংযোগ লাইনে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। পাশাপাশি রেললাইনের স্লিপার তুলে নেওয়ায় লাইন সরে যায়। ফলে শনিবার বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ থাকে।
ঘটনার জেরে পৌর শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তাজনিত কারণে ব্যবসায়ীরা পৌর শহরসহ আশপাশের এলাকার দোকানপাট বন্ধ করে দেন।

