নরসিংদীর মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিজয় দিবস উদ্যাপন ।
দিবসের শুরুতে মনোহরদী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক হিসেবে কবুতর অবমুক্ত করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
কুচকাওয়াজে অংশগ্রহণ করেন মনোহরদী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ছাড়াও মনোহরদী থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং আনসার-ভিডিপি সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম, এ মুহাইমিন আল জিহান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের গৌরব ও অহংকার। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে সবাইকে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাই আমাদের প্রধান দায়িত্ব।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

