৫ দফা দাবি নিয়ে জামায়াতের গন মিছিল ও স্মারকলিপি প্রদান
মোঃ সজল মন্ডল ফরিদপুর: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বদরুদ্দীন আহমদের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে শহরের জনতা ব্যাংক মোড় থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল ওহাব, নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং পৌর শাখার আমীর ডা. রুবেল। এসময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও তার ওপর গণভোটের আয়োজন করতে হবে। পাশাপাশি জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার হাতে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

