মোঃ আমির হোসেন .জেলা প্রতিনিধি, শরীয়তপুর : কৃষির আধুনিক প্রযুক্তি উদ্ভাবন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শরীয়তপুর জেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২এর বাছাই পর্ব পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ৯ টায় ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এবং সকাল ১১ টায় ডামুড্যা উপজেলার দারুল আমান উচ্চ বিদ্যালয়ে বাছাই পর্ব পরিক্ষার আয়োজন করে অলিম্পিয়াড কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বাছাই পর্বের পরিক্ষার হল পরিদর্শন করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন ও অন্য শিক্ষকবৃন্দ এবং উপস্থিতি ছিলেন ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াডের সেন্ট্রাল টিমের সদস্য মেহেদী খান ও শাহাদাত হোসাইন।
এসময় অলিম্পিয়াডের শরীয়তপুর জেলার টিম লিডার সাব্বির কিরণ, জেলা জনসংযোগ কর্মকর্তা আশ্রাফুল ইসলাম সজল, লামিম সহ শরীয়তপুর জেলা টিমের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, শরীয়তপুর জেলার চারটি উপজেলার ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৫০০ শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা জেলা ও বিভাগীয় পর্যায়ের পর্বে অংশগ্রহণ করবে।
অলিম্পিয়াডের সিইও মো. জিল্লুর রহমান বলেন, “এই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ে সচেতন হবে এবং প্রযুক্তিনির্ভর কৃষি উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাবে।” চূড়ান্ত বিজয়ীদের জন্য থাকছে ১০ লক্ষ টাকার গ্র্যান্ড ফান্ড, সার্টিফিকেট, পুরস্কার সামগ্রী, কৃষি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ এবং রিফ্রেশমেন্ট ট্যুর।
আয়োজকরা জানান, এ অলিম্পিয়াডের মূল লক্ষ্য হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা, পুষ্টিবিষয়ে উৎসাহ তৈরি এবং ভবিষ্যৎ কৃষি উদ্যোক্তা গড়ে তোলা।

