মোঃসাদেকুর রহমান, বরগুনা সদর : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার খবর শুনে বরগুনার ফার্মেসী পট্টির অধিকাংশ দোকান মালিক দোকান তালাবদ্ধ করে দিয়েছেন। এতে জরুরি ঔষধ কিনতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।আজ, শনিবার (১১ অক্টোবর) সকাল ১২ টার দিকে এই ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরগুনা জেলা কার্যালয়ের একটি দল বাজারে অভিযান চালাতে পারে, এমন খবর ছড়িয়ে পড়তেই ফার্মেসী পট্টির প্রায় সব দোকান বন্ধ করে দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, বরগুনা শহরের প্রধান ফার্মেসী পট্টির বেশিরভাগ দোকানে ঝুলছে তালা। কিছু কিছু ফার্মেসীর শাটার সামান্য খোলা রেখে মালিকরা ভেতরে অবস্থান করছেন। তারা গ্রাহকদের চাহিদা অনুযায়ী দ্রুত ঔষধ সরবরাহ করে আবার দ্রুত বন্ধ করে দিচ্ছেন।
এসময় ঔষধ কিনতে আসা কয়েকজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই পট্টিতে অনেক দোকানেই মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি হয় এবং মূল্য বেশি রাখা হয়। ভোক্তা অধিকারের অভিযান তাদের ভয় পাওয়ার কারণ। কিন্তু এভাবে হঠাৎ দোকান বন্ধ করে দেওয়ায় আমরা যারা জরুরি ঔষধ নিতে এসেছি, তারা চরম বিপাকে পড়েছি।”
ফার্মেসী মালিকদের সাথে কথা বলার চেষ্টা করা হলে অধিকাংশই ক্যামেরার সামনে বা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক দোকান মালিক জানান, “ভোক্তা অধিদপ্তরের অভিযানে অনেক সময় সামান্য ত্রুটির জন্যও বড় অঙ্কের জরিমানা করা হয়। তাই ঝামেলা এড়াতেই অনেকে দোকান বন্ধ রেখেছেন।”
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন জানান, জনস্বার্থে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। যদি কোনো অসাধু ব্যবসায়ী অভিযান আসার খবরে দোকান বন্ধ করে দেয়, তবে তা তাদের অনিয়মেরই ইঙ্গিত বহন করে। তিনি আরও বলেন, আইন অমান্যকারী ও ভোক্তা অধিকার ক্ষুণ্ণকারীদের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
দোকান বন্ধ থাকায় ভোগান্তির শিকার গ্রাহকদের অভিযোগ, কর্তৃপক্ষের উচিত দ্রুত এই সমস্যার সমাধান করা এবং অনিয়মে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, যাতে ভবিষ্যতে তারা অভিযান চলাকালীন এভাবে দোকান বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াতে না পারে।

