মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলার ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে চন্দ্রা পরিবহনের
একটি যাত্রীবাহী বাস। পথে ঘটকচর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের
অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে এসময়ে চন্দ্রা পরিবহনের বাসটি
খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এ ঘটনার পরে দুই বাসের চালকসহ অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার
করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। এ সময় মহাসড়কের উভয় পাশে
প্রায় দুই কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হলে ভোগান্তীতে পরে অন্য বাসের যাত্রীরা। খবর পেয়ে
ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ, থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রীনভিউ পরিবহনের বাসটি একটি ভ্যানকে ওভারটেক করার সময়ে চন্দ্রা
পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, আমরা আসার আগেই
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চন্দ্রা পরিবহনের চালকের অবস্থা
গুরুতর। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

