ফাহাদ, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ৭ কোটি টাকার ব্যয়বহুল উন্নয়ন প্রকল্পেও কাজের গাফিলতি চোখে পড়ছে। মোগরাপাড়া চৌরাস্তায় সিএনজি স্টেশনের পাশের অংশে প্রায় ৯-১০ ফিট রাস্তা ঢালাই না দিয়েই কাজ শেষ করেছে সংশ্লিষ্ট ঠিকাদার।
এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, কোটি কোটি টাকার বাজেটের কাজেও যদি সামান্য জায়গা বাদ দিয়ে কাজ শেষ দেখানো হয়, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি থেকেই যাবে। স্থানীয়দের প্রশ্ন—“এই কাজটুকু করবে কে? আবার কি নতুন বরাদ্দ দিতে হবে ঠিকাদারকে?”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী বলছেন, এ ধরনের কাজ উন্নয়নের নামে জনগণের সাথে প্রতারণার শামিল। তারা দ্রুত অসম্পূর্ণ অংশটুকু সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

