সৌদিআরবের ৪ শহরে বাউবির এস এস সি এবং এইচ এস সি প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাস শুরু
মোহাম্মদ রেজাউল করিম (চট্টগ্রাম প্রতিনিধি): শতভাগ শিক্ষার হার ও দক্ষ জনশক্তি বাড়াতে সৌদিআরবের ৪ শহরে গত শুক্রবার ৯ই এপ্রিল ২০২১ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এস এস সি ও এইচ এস সি প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড.নাসিম বানু। এ সময় তিনি বলেন, বিদেশের শ্রম বাজারে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের শিক্ষা সেবা দিয়ে জনশক্তির উন্নয়নের মাধ্যমে বাউবি উন্নত বাংলাদেশ সৃজনে সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়নে ভুমিকা রেখে চলেছে। তিনি আরো বলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষে বিশ্ববিদ্যালয় তাই এই উদ্যোগ নিয়েছে। ওপেন স্কুলের ডিন প্রফেসর ড.সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সৌদিআরব ও বাংলাদেশে জুম ওয়েবিনার সভায় বিশেষ অতিথি ছিলেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোঃ ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের অধ্যক্ষ রাজ্জুল মনসুম, কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাক আহমেদ, ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক জাহেদ মান্নান, ইন্টারন্যাশনাল একাডেমিক উইং বাউবির যুগ্ন পরিচালক সংগীতা মোর্শেদ। ২৩ লক্ষ প্রবাসী বাংলাদেশিদের দেশ সৌদিআরবের দাম্মাম, রিয়াদ, মদিনা এবং জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে স্টাডি সেন্টার চালুর মাধ্যমে বাউবি তাঁর এ শিক্ষা প্রোগ্রাম দুটি চালু করেছে। ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক অনন্যা লাবনীর সঞ্চালনায় এ জুম সভায় সৌদি দূতাবাসের কর্মকর্তা, স্টাডি সেন্টারের অধ্যক্ষগণ, শিক্ষকগণ, বাউবির ওপেন স্কুলের শিক্ষকবৃন্দ, ই লার্নিং সেন্টারের হেড মাসুম বিল্লাহ, তথ্য ও গণসংযোগ পরিচালক কাসেম শিকদার সংযুক্ত ছিলেন। উল্লেখ্য শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দেয়ার দৃপ্ত প্রত্যয়ে বাউবি ইতিপূর্বে দক্ষিণ কোরিয়ার সিউলে, কাতারের দোহায় তাঁর শিক্ষা কার্যক্রম বিস্তরণ করছে।

