১৪ এপ্রিল থেকে বিমান চলাচল বন্ধ
আগামী ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। এক সপ্তাহের জন্য এই বিধিনিষেধের কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
রোববার গণমাধ্যমকে বিষয়টি জানান বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান।তিনি বলেন, ১২ ও ১৩ এপ্রিলে আন্তর্জাতিক রুটগুলোতে উড়োজাহাজ চলবে। ১৪ এপ্রিল ভোর থেকে আর কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না। আজ বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি আন্তমন্ত্রণালয়ের বৈঠক হয়। সেই বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে চার্টার্ড ফ্লাইট, কার্গো ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স এবং বিশেষ ফ্লাইট চলাচলের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না বলেও জানান তিনি।এর আগে, গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করেছিল সংস্থাটি। তবে আন্তর্জাতিক পথে উড়োজাহাজ চলছে।এক সপ্তাহের লকডাউন রোববার শেষ হওয়ার কথা থাকলেও তা ১৩ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

