৮শ বছর পর জাগ্রত হলো আইসল্যান্ডের আগ্নেয়গিরি
জেগে উঠেছে ৮শ বছর ধরে ঘুমিয়ে থাকা আইসল্যান্ডের ফাগরা-ডালস-ফল আগ্নেয়গিরি। এক মাসে ৫০ হাজারেরও বেশি নানা মাত্রার ভূমিকম্পের পর শুক্রবার শুরু হয় লাভা উদগীরণ।
রাজধানী রিকজাভিক থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই ফাগরা-ডালস-ফল আগ্নিয়গিরি। লাভা উদগীরণ শুরুর পর আগ্নেয়গিরি দেখতে জমে পর্যটকদের ভিড়। দূরদূরান্ত থেকে ছুটে আসা প্রকৃতিপ্রেমীদের অনেকে জীবনের ঝুঁকি উপেক্ষা করে চলে যান আগ্নেয়গিরির একদম কাছে।
স্থানীয়রা বলছেন, আমরা এটি দেখতে তিন ঘণ্টা পাহাড়ি পথ দিয়ে হেটে এসেছি। এটি আমাদের জন্য দারুন একটা অভিজ্ঞতা।
২৪ ফেব্রুয়ারি প্রথম ৫.৭ মাত্রার ভূমিকম্প হয় আইসল্যান্ডে। এরপর গত এক মাসে আইসল্যান্ডে নানা মাত্রার ৫০ হাজারেরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে প্রায় ১৭ হাজার আফটারশক অনুভূত হয়। তখন থেকেই ফাগরা-ডালস-ফল আগ্নেয়গিরির সক্রিয় হওয়ার আভাস দিচ্ছিলেন আবহাওয়াবিদেরা। আবহাওয়া অফিস জানায়, আইসল্যান্ডে দুটি টেকটোনিক প্লেট বিপরীত দিকে চলার কারণে এটি ঘটছে। অবশেষে শুক্রবার শুরু হয় অগ্ন্যুৎপাত ।
এ বিষয়ে জেনেভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোয়েল রুচ, আমরা ২ সপ্তাহ ধরে এখানে আছি। গবেষণা চালাচ্ছি। আগ্নেয়গিরির আচরণ ও গতিবিধি পর্যালোচনা করছি।
ইতোমধ্যে পার্বত্য অঞ্চলটি এবং তার আশপাশের এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সতর্কবার্তা দিয়েছে, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ফলে রাজধানী ও তার আশপাশের বিভিন্ন এলাকায় ভূমিধস দেখা দিতে পারে।
এর মধ্যে বৈরি আবহাওয়ার কারণে অগ্ন্যুৎপাত এলাকায় আটকা পড়ে একদল পর্যটক। প্রায় একশ উদ্ধারকর্মী তাদেরকে সেখান থেকে নিরাপদে সরিয়ে আনেন । পরে নিরাপত্তা ঝুঁকিতে স্থানটি জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

