বাড়ছে করোনা, ৫টি হাসপাতাল প্রস্তুতের নির্দেশ
করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলার জন্য পাঁচটি হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। সোমবার এ নির্দেশনা প্রদান করা হয় স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে।
উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত একটি নোটিশে বলা হয়- কোভিড-১০ রোগী বৃদ্ধি পাওয়ার ফলে রাজধানীর নিম্নলিখিত হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ প্রদান করা হলো। হাসপাতালগুলো হচ্ছে- মিরপুরের লালকুঠি, বাবু বাজারের মহানগর, শেরে বাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মহাখালীর ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার, ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতাল।
দেশে মহামারির শুরু থেকেই রাজধানী ঢাকায় করোনাভাইরাসের সংক্রমণ বেশি ছিল। সারা দেশে সংক্রমণ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে আক্রান্তের হার কমতে দেখা যায়। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো শিথিল হওয়ায় পরিস্থিতি পাল্টে যেতে দেখা যাচ্ছে। রাজধানীতে আবার সংক্রমণ বাড়ছে।
গত এক মাসে রাজধানীতে কোভিড-১৯ আক্রান্ত রোগী বেড়েছে ৫৬ শতাংশ। এই তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)।

