খুলনায় মাস্ক পরিধান নিশ্চিতকরণে জেলা প্রশাসন’র প্রচারণামূলক অভিযান।
জাহাঙ্গীর আলম (মুকুল) স্টাফ রিপোটার,খুলনা: খুলনায় মাস্ক পরিধান নিশ্চিতকরণে জেলা প্রশাসন’র প্রচারণামূলক অভিযান ও আসন্ন রমজানকে সামনে রেখে বাজার তদারকি ও মোবাইল কোর্টের অভিযান মঙ্গলবার ১৬ ই মার্চ সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ খুলনা জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ হেলাল হোসেন মহোদয়ের নির্দেশে এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ ইউসুপ আলী মহোদয়ের তত্ত্বাবধানে নগরীর শিববাড়ী মোড় এবং সোনাডাঙ্গা কাঁচাবাজার এলাকার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, খুলনা’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকার এবং মোঃ তাহমিদুল ইসলাম।
এসময় শিববাড়ী মোড় এবং সোনাডাঙ্গা কাঁচাবাজার এলাকার বিভিন্ন স্থানে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়। এ সময় জেলা প্রশাসন, খুলনার উদ্যোগে দুস্থ অসহায় মানুষকে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ অস্থিতিশীলতা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে যথাযথ আইনের সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যগণ। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

