বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ):র্যাব-১১ এবং রুপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন ও মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও মজুদের অভিযোগে রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় অভিযান চালিয়ে সিমু কনজুমার প্রডাক্টস নামে একটি প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলাম সৈকতকে ০১ লাখ টাকা এবং মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ এর মালিক আঃ বাতেন দেওয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে রূপগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান বলেন , রূপগঞ্জের তারাব এলাকায় সিমু কনজুমার প্রডাক্টস এবং মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন ও বিভিন্ন ব্র্যান্ডের লেভেলিং করে বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠান দুটিতে প্রায় ২০,০০০ লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত করা ছিল।অবৈধভাবে ভোজ্যতেল মজুদ এবং ভেজাল পণ্য উৎপাদনের অপরাধে তাদের এই জরিমানা করা হয়।

