জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর উপজেলার মেছড়া, ছোনগাছা, বাগবাটি ও রতনকান্দি) জাতীয় সংসদ নির্বাচনী আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। দলের হাই কমান্ড তাঁর নাম চূড়ান্ত করার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
মনোনয়ন পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি লিখেছেন, “আমাদের গণতন্ত্রের মা, আমাদের মা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থতা দান করুন—আমীন।”
পোস্টে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তিনি বলেন, “সিরাজগঞ্জ-১ আসনের সকল জনগণ ও ভোটার, মা-ভাই-বোন, বন্ধুবান্ধব, বিএনপির তৃণমূল নেতাকর্মীসহ সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আমার বাবা কাজিপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আফজাল হোসেন সরকারকে। তাদের রুহের মাগফিরাত কামনা করি।”
মনোনয়ন প্রাপ্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলের নীতিনির্ধারণী পর্যায়ের সকল নেতার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি বলেন,“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে যে আস্থা রাখা হয়েছে, সেই বিশ্বাসের মর্যাদা দিতে চাই। সিরাজগঞ্জ-১-এর জনগণ আমার পাশে থাকবেন—এই প্রত্যাশা করি। আপনাদের সমর্থন নিয়ে এ আসনটি প্রথমবারের মতো বিএনপিকে উপহার দিতে চাই ইনশা আল্লাহ।”
এ সময় সেলিম রেজা তাঁর রাজনৈতিক সমর্থক ও সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, “কেউ আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ অথবা উৎসবমুখর কোনো আয়োজন করবেন না। পরিস্থিতি বিবেচনায় আমরা সম্পূর্ণ স্বাভাবিক আচরণ বজায় রাখবো।”
মনোনয়ন ঘোষণার পর সিরাজগঞ্জ-১ আসনের স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উচ্ছ্বাস দেখা গেলেও সেলিম রেজা সবার প্রতি ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে কাজ করার অনুরোধ জানান।

