আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনের (সাতক্ষীরা সদর ও দেবহাটা) ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদল নেতা এডভোকেট মাহমুদুল আলম শাহীন ব্যাপক গণসংযোগ করেছেন। সোমবার দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে তার গণসংযোগ কর্মসূচির সূচনা হয়।
পরে তিনি গাড়িবহরসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে যান এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগ চলাকালে তিনি তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে তুলে ধরে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব রফিকুল ইসলাম খোকা, যুগ্ম আহ্বায়ক আব্দুল গফফার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফিরোজ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, আব্দুল্লাহ, আসাদুল আলম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমাদ আলী, আরাফাত, আব্দুর রহমান চঞ্চল, জাবিরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগে এডভোকেট মাহমুদুল আলম শাহীন বলেন, “ধানের শীষ প্রতীকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে, সাতক্ষীরার রাস্তাঘাটের পরিবর্তন হবে। আমি ধানের শীষ প্রতীকে মনোনয়ন না পেলেও জনগণের পাশে থেকে সেবা করে যাব।”

