সংসারে অনটন, মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে মেয়ের আত্মহত্যা
অভাব অনটনে কাটছিল দিন। এরই মধ্যে মা-বাবার সম্পর্কটাও ভালো যাচ্ছিল না। পারিবারিক বিভিন্ন সমস্যায় জর্জরিত জীবনটাকে মেনে নিতে না পেরে গলায় মায়ের শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী সঙ্গীতা দাশ (১৯)। তিনি পতেঙ্গার শ্রীধাম দাশের মেয়ে।মঙ্গলবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে পতেঙ্গা জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ১০টার দিকে সঙ্গীতার লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সম্প্রতি সঙ্গীতার পরিবারে আর্থিক টানাপোড়েনকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এসব সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পতেঙ্গা থানার এস আই নাছির উদ্দিন মহানগর নিউজকে বলেন, ওই কিশোরী সকাল সাড়ে ৬টার দিকে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। আমরা সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

