শিবচরে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা
মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুরের শিবচর পৌর বাজারে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিক পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে রাকিব মাদবর (২৫) নামে যুবককে হত্যা করা হয়েছে।
নিহত রাকিব সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফেরেন। তিনি চরশ্যামাইল এলাকার নাসির
মাদবরের ছেলে। রাকিব সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সর্দারের
লোকজনের সঙ্গে রাকিব মাদবরদের লোকজনের গত ৬ মে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছিল। ওই সময়
প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সর্দারের ছেলে ইবনে সামাদ নিহত হয়েছিলেন।
এ ঘটনার পরে মামলা হলে গ্রেপ্তার হন রাকিব মাদবর। সম্প্রতি তিনি আদালত থেকে জামিন পেয়ে এলাকায়
ফেরেন।শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইবনে
সামাদ হত্যা মামলার আসামি ছিলেন রাকিব। ওই হত্যার ঘটনার জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা
হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।গতকাল রবিবার রাত ৮টার দিকে পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সামনে রাকিব দাঁড়িয়েছিলেন ।
এসময় ৪-৫ জন লোক রাকিবের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাকিব মৃত্যুবরণ করেন।

