মো: সবুজ হোসেন রাজা, মিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনারে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাসফিকা হোসেন এবং শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম।
এসময় শাহজাদপুর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন পরিবেশনা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা।
অনুষ্ঠানগুলোতে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, দুপুরে শাহজাদপুর বিএনপি’র উদ্যোগে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

