জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার থেকে হাফিজুল ইসলাম হাফিজ (৩০) নামে এক বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের পাড়া মোহনপুর এলাকায় যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের পাশে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম একই ইউনিয়নের বাঐখোলা গ্রামের মৃত কমল মুন্সীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, হাফিজুল ইসলাম প্রায় এক বছর ধরে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে জড়িয়ে ড্রেজারের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ড্রেজার শ্রমিকরা জানান, এনায়েতপুর থানার আড়কান্দি ও পাড়া মোহনপুরসহ আশপাশের এলাকায় যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের পাশে একাধিক ড্রেজার বসিয়ে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল। পাড়া মোহনপুর এলাকায় ইউসুফ মেম্বার ও বাবু ভুঁইয়ার সঙ্গে যৌথভাবে হাফিজুল ইসলাম বালু ব্যবসা করতেন বলে জানান তারা।
শ্রমিকদের ভাষ্যমতে, রোববার (২১ ডিসেম্বর) রাতে হাফিজুল চারজন শ্রমিক ও কয়েকজন সহযোগী বালু ব্যবসায়ীর সঙ্গে আড্ডা ও খাওয়া-দাওয়া শেষে ড্রেজারের ভলগেট ইঞ্জিন সংযুক্ত নৌকায় ঘুমিয়ে পড়েন। পরদিন সোমবার সকালে তার নিথর দেহ দেখতে পেয়ে শ্রমিকরা পুলিশে খবর দেন।
খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজ উদ্দিন বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে

