জলিলুর রহমান জনি, (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী নাটুয়ারপাড়া হাটে জমে উঠেছে লাল মরিচের বাণিজ্য। প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার বসা এই বিশেষ হাট দীর্ঘদিন ধরেই স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের আস্থার কেন্দ্র হিসেবে পরিচিত। বর্তমানে এই হাটের সুনাম ছড়িয়ে পড়েছে জেলার সীমানা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে।
হাটকে কেন্দ্র করে সপ্তাহের নির্দিষ্ট দিনে সকাল থেকেই সরগরম হয়ে ওঠে পুরো এলাকা। সিরাজগঞ্জ সদর, বগুড়া, রায়গঞ্জসহ আশপাশের উপজেলা ছাড়াও রংপুর অঞ্চল থেকে নিয়মিত ক্রেতা ও পাইকাররা আসছেন মানসম্মত লাল মরিচ কিনতে। ভোর থেকেই শুরু হয় দরদাম, পাল্লা দিয়ে কেনাবেচা, সঙ্গে চলে বিক্রেতা-ক্রেতাদের প্রাণবন্ত আলাপচারিতা।
হাটে আগত বিক্রেতারা জানান, বর্তমানে প্রতি মণ লাল মরিচ ৫ হাজার ৫০০ টাকা থেকে ৬ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। ভালো দাম পাওয়ায় তারা সন্তুষ্ট। মরিচ বিক্রি করে পাওয়া এই আয় দিয়েই অনেক কৃষক পরিবার সংসার চালানো, সন্তানদের লেখাপড়ার খরচ ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করছেন।
স্থানীয়দের মতে, নাটুয়ারপাড়া লাল মরিচের হাট শুধু একটি কেনাবেচার স্থান নয়, এটি গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। প্রতি হাটবারে শত শত মানুষের সমাগমে গ্রামাঞ্চলে প্রাণচাঞ্চল্য ফিরে আসে এবং কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়।
ক্রেতা ও বিক্রেতারা ঐতিহ্যবাহী এই হাটের সুনাম ও বাণিজ্যিক গুরুত্ব ধরে রাখতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

