বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২’শ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ অভিযান চালায় পুলিশ।জেলা পুলিশের ‘গ’ সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় মাদক ব্যবসায়ী জাহিদ হাসান জনি’র বাড়িতে অভিযান চালায় পুলিশ।জেলা পুলিশের ‘গ’ সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল মাদক ব্যবসায়ী জাহিদ হাসান জনি বিপুল পরিমান মাদক টয়লেটে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ জাহিদ হাসান জনি’র মা জোসনা বেগমের রুমে তল্লাশী চালিয়ে ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অভিযানে জোসনা বেগম ও জনির সহযোগী তালহা নামে দুইজনকে পুলিশ আটক করে। তবে, জাহিদ হাসান জনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানালেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন।

