রূপগঞ্জে জলাবদ্ধতায় বিপর্যস্ত লক্ষাধিক মানুষ, খাল উদ্ধার ও সংস্কারের জোর দাবি
বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো, কাঞ্চন, ভুলতা, গোলাকান্দাইলসহ বিস্তীর্ণ এলাকায় কয়েক দিনের টানা বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বেদখল ও ভরাট হয়ে যাওয়া পানি নিষ্কাশনের খালগুলোর কারণে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা দ্রুত খাল উদ্ধার ও সংস্কারের দাবি জানিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, বহু এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমি তলিয়ে গেছে। অনেক পরিবার ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে অন্যত্র, আবার কেউ বাঁশের মাচায় বসবাস করছে। বিশুদ্ধ পানির সংকট, খাদ্যাভাব এবং শিল্পকারখানার দূষিত পানিতে চর্মরোগ ও পানিবাহিত রোগের প্রকোপও বেড়েছে। জলাবদ্ধতায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি মাছচাষি ও কৃষকেরাও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হান্ডি মার্কেট-ডেওরি বিল খাল, চিপা খাল, কালাদি-ভুলতা খালসহ একাধিক গুরুত্বপূর্ণ খাল দখল ও ভরাট হওয়ায় পানি নামার পথ বন্ধ হয়ে গেছে। তবে ইস্টউড সিটি কর্তৃপক্ষ খাল দখলের অভিযোগ অস্বীকার করেছে।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চর্ম ও পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, দখলমুক্ত করে খালগুলো সচল করা গেলে স্থায়ীভাবে জলাবদ্ধতা কমানো সম্ভব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ইতোমধ্যে ৮টি খাল উদ্ধার করা হয়েছে এবং বাকি খাল পুনরুদ্ধারের কাজ চলমান রয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

