ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নিয়ে তারা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক পরীক্ষার প্রশ্নপত্রের অতিরিক্ত কঠিনতা, পরীক্ষাকেন্দ্রে অস্বাভাবিক কঠোর তদারকি, বন্যাকবলিত এলাকায় পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্য এবং উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তারা উদ্বিগ্ন। এসব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান দাবি করেন তারা।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— প্রশ্নপত্রের কঠিনতা কমানো ও অতিরিক্ত কঠোর গার্ডের অবসান, বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্যের সুষ্ঠু ব্যাখ্যা, মানবিক ও শিক্ষার্থীবান্ধবভাবে উত্তরপত্র মূল্যায়ন, বিশেষ করে পদার্থবিজ্ঞানসহ কঠিন বিষয়ের ফলাফল মূল্যায়নে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করা এবং দেশের শিক্ষা ব্যবস্থার চলমান সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ
বক্তারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। এ কারণে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে সরকারি রাজেন্দ্র কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
এদিকে একই দাবিতে আগামী বুধবার সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

