মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁয় নবাগত পুলিশ সুপারের সাথে জেলার গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা (ডিএসবি) এহসানুর রহমান ভুঁইয়া, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহম্মেদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান পুলিশ সুপার। তিনি বলেন, “পুলিশ কোন রাজনৈতিক দলের সদস্য নয়; পুলিশ জনগণের কর্মচারী এবং সরকারের কর্মচারী। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান দায়িত্ব।”
তিনি আশা প্রকাশ করে আরও বলেন—সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকা জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

