মোঃ আরিফ হোসেন,নোয়াখালী জেলা সদর উপজেলার প্রতিনিধি: নোয়াখালীতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবির বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও পূর্ব-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪/১১/২০২৫ সকাল ১০টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিলটি নোয়াখালী মাইজদী পৌর বাজার থেকে শুরু হয়। সেখান থেকে মিছিলটি স্লোগানে স্লোগানে অগ্রসর হয়ে নোয়াখালী সুপার মার্কেট এলাকা প্রদক্ষিণ করে। এরপর পুনরায় পৌর বাজারে ফিরে এসে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। পুরো পথজুড়ে নেতা-কর্মী ও স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি ছিলো।
আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা। উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বহু নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে শহরজুড়ে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
পূর্ব-সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম আজহার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আমির জনাব ইসহাক খন্দকার,
জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন,এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়নের অসংখ্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন,জুলাই জাতীয় সনদ জনগণের ন্যায়বিচার, সুশাসন, মানবাধিকার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পথনির্দেশনা দেয়। দেশের বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা ও গণতন্ত্রের সংকট কাটাতে সনদের ৫ দফা বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।
তারা জোর দিয়ে বলেন,গণভোট ছাড়া জনগণের মতামত জানা সম্ভব নয়—তাই অবিলম্বে জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট অনুষ্ঠানের দাবি জানান।
বক্তারা শান্তিপূর্ণ আন্দোলনের ধারাবাহিকতায় এই কর্মসূচিকে জনগণের আন্দোলন হিসেবে উল্লেখ করেন এবং সরকারের প্রতি জনগণের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

