আহসান হাবীব সুমন,কচুয়া (চাঁদপুর)প্রতিনিধি : কচুয়ায় উপজেলায় জেঁকে বসেছে তীব্র শীত। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় গত কয়েকদিন ধরে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। কনকনে শীতে ঘর থেকে বের হতে পারছেন না মানুষ, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। শীতের প্রকোপে কমে গেছে দিনমজুর ও শ্রমজীবীদের দৈনিক আয়। এমন সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মাহমুদুল হাসান রাসেল।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে তিনি নিজেই রাতের আঁধার,গ্রামীণ কাঁচা রাস্তা ও দুর্গম এলকা পেরিয়ে কম্বল নিয়ে পৌঁছে যাচ্ছেন দরিদ্র মানুষের ঘরে ঘরে। তাঁর পাশে থেকে সার্বিক সহযোগিতা করছেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু নাছির,কচুয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদুল ইসলাম ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ কচুয়া পৌরসভা ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
শুধু কম্বল বিতরণ নয়, শীতকাতর মানুষের কষ্ট লাঘবে প্রশাসনের মানবিক মুখ তুলে ধরছেন এই কর্মকর্তা। গরিব, দুস্থ ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিয়ে শীত নিবারণের পাশাপাশি তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন তিনি।
এছাড়াও কচুয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষা নবিশ হাফেজদের মাঝেও কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়াও তিনি বাজারে ঘুমন্ত অসহায় ছিন্নমূল ভিক্ষুকদেরও গায়ে কম্বল গায়ে মুড়িয়ে দিতে দেখা গেছে।স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের জন্য শুধু সহায়তাই নয়, এক ধরনের সাহস ও ভরসার বার্তা দিচ্ছে।

