মোঃ মাহবুবুর রহমান সোহেল,কালিয়াকৈর প্রতিনিধি: দেশবিরোধী চক্রান্ত, নাশকতার পরিকল্পনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার সকালে (১০ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈর থানায় পৃথকভাবে এই অভিযোগ দুটি দায়ের করেন গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মিনার উদ্দিন মিনার এবং কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর (রোববার) সকালে কালিয়াকৈর হাইটেক সিটি রেলস্টেশনের বারান্দায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ইরাদ সিদ্দিকী দাবি করেন, তিনি আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। এমনকি এ বিষয়ে আলোচনার জন্য তিনি একাধিকবার ভারত সফরও করেছেন বলে জানান।
এছাড়াও তিনি গাজীপুর-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তার ছোট ভাই চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “আমরা পৃথক দুটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

