মাহফুজ আহাম্মেদ মুন্না : গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিন মাসের সাজাপ্রাপ্ত এক নারী বন্দি দেয়াল টপকে পালিয়ে গেছেন। পলায়নকারী বন্দির নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর গ্রামের মো. হাসানের মেয়ে। ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের রায়ে তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে ছিলেন।
কারা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা পালিয়ে যান। রাত থেকেই কারা কর্তৃপক্ষ তাকে খুঁজতে শুরু করে। কারাগারের ভেতরে একাধিকবার তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি এবং কারা বিধি অনুযায়ী প্রতিদিন বিকেল ৫টার মধ্যে বন্দিদের লকআপে নেওয়ার নিয়ম থাকলেও ঘটনার দিন তা যথাসময়ে সম্পন্ন হয়নি। ওই সময় মহিলা কারারক্ষী, মেট্রনস এবং কয়েকজন বন্দি কারাগারের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণে নিয়োজিত ছিলেন। এই সুযোগে রিম্পা কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের সরকারি মুঠোফোন নম্বরে একাধিকবার কল ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দি দেয়াল টপকে পালিয়ে গেছেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী মেট্রো থানায় একটি মামলা দায়ের করেছে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

