মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা সীমান্তে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে (১৪বিজিবি)। সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২ টায় আগ্রাদ্বিগুন বিওপির আওতাধীন মহেশপুর মাঠ নামক এলাকায় এই মাদকবিরোধী অভিযানটি পরিচালিত হয়।
বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ সোয়েব আলী মুন্সীর নেতৃত্বে বিজিবির একটি চৌকস ও বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৬/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর মাঠে কৌশলগত অবস্থান নেয়। এ সময় চোরাকারবারীরা ভারত থেকে আনা মাদকের চালানসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে যায়। পরে তারা ধাওয়া খেয়ে সাথে থাকা মালামাল ফেলে রেখেই অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করার আইনি প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
এ বিষয়ে পত্নীতলা (১৪ বিজিবি) অধিনায়ক গণমাধ্যমকে জানান, নওগাঁ সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, চোরাচালান বন্ধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে বিজিবির এই সর্বাত্মক ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কোনো প্রকার আপস করা হবে না

